দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃংখলা, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস, নাশকতা ও মানব পাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র’র সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সকলের সহযোগিতা ও সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষার আহবান জানিয়ে উপজেলার আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস, সড়কে অবৈধ যান বন্ধ, গাড়িত গতি নিয়ন্ত্রণ, অপরাধ নির্মূল প্রভৃতি বিষয়ে সকলের আন্তরিক ও সহযোগিতা কামনা করেন। এসময় উল্লেখিত বিষয়বলী সমাধানকল্পে করণীয় সম্পর্কে উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, বীর মুক্তিযুদ্ধা রেজাউল করিম, চাঁদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর, দামুড়হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সমন্বয়ক হাবীবুর রহমান বুলেট, দামুড়হুদা উপজেলা জামাতের আমীর নায়েব আলী, সহকারী সেক্রেটারি জেনারেল আবেদ-উদ-দৌলা টিটন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোহাম্মদ সাজিদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার অঞ্জন কুন্ড, উপ-সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান বিশ্বাস, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, পাট কর্মকর্তা রিয়াজুর ইসলাম, দামুড়হুদা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার আব্দুল মান্নান, দামুড়হুদা মডেল মসজিদের ঈমাম মামুনুর রশীদ সহ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠিত সভায় উপস্থিত বক্তারা বলেন, দামুড়হুদা উপজেলার মডেল মসজিদের রাত্রিকালীন নিরাপত্তা এবং উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ইউনিয়নের অব্যবহৃত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ সরকারি বিভিন্ন ভবনসমূহ ব্যবহারের উপযোগী করে চলমান রাখা যায় কিনা আলোচনা করেন। বক্তাদের ভাষ্য, সরকারি বিভিন্ন ভবন পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখার ফলে মাদকসহ নানা অপকর্মের অভয়ারণ্য হিসেবে ব্যবহার হয়ে আসছেন বলে স্থানীয় ও সচেতন মহলের অভিযোগ রয়েছে। উপজেলার বিভিন্ন সরকারি অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও অসহযোগিতা মূলক আচরণের ব্যাপারে আলোচনা করা হয়। সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণ চোরাচালান ব্যাপক হারে বেড়ে যাওয়া এবং লোকনাথপুর টু পরানপুর আঞ্চলিক সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে ছিনতাই-ডাকাতির মতো ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তাদের আরও দাবি, উপজেলায় চলমান সন্ত্রাস, চাঁদাবাজ এবং রাজনৈতিক হানাহানির ফলে সমাজে যারা বিশৃঙ্খলার চেষ্টা করছে দল মত নির্বিশেষে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সভায় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ একমত প্রকাশ করেন। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদুল ফিতর পালনে সকলের ঈদযাত্রা নির্বিঘ্ন হয়,সব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে থেকে সজাগ দৃষ্টি সহ টহল কার্যক্রম বৃদ্ধি করতে আহবান জানায় সকলে।