জীবননগর অফিসঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের ১১ দলীয় জোট প্রার্থী জামায়াতে ইসলামীর জেলা আমীর রুহুল আমিনের দাঁড়িপাল্লার পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে এ গণমিছিলটি জনসমুদ্রে রুপ নেয়। মিছিলটি কালীগঞ্জ চ্যাংখালী সড়ক হয়ে জীবননগর স্টেডিয়াম মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গণ মিছিলের পূর্বে দুপুর থেকে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন, দলীয় প্রতীক হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর। গণমিছিল শুরুর আগে উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমানের ইমামতিতে বিদ্যালয়ের মাঠে আছরের নামাজ আদায় করা হয়।
সমাবেশে প্রধান অতিথির চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের প্রার্থী রুহুল আমিন বলেন, ‘রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা জনগণের সেবা। মানুষের অধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই আমার অঙ্গীকার। নির্বাচিত হলে শিক্ষা, কৃষি, উন্নয়ন ও যুবসমাজের কর্মসংস্থানে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করতে চাই। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।’
সমাবেশে জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এস এম শাহজাহান কবির, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, খেলাফতে মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা জুবায়ের খান, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদউদ্দীন, এনসিপির জেলা সভাপতি খাজা আমিরুল বাশার বিপ্লব, জাতীয় নাগরিক পার্টির জেলা সাধারণ সম্পাদক পারভেজ রাসেল, জেলা ছাত্রশিবির সভাপতি সাগর আহমেদ, খেলাফত মজলিশের জেলা সেক্রেটারি মাওলানা জোবায়ের আহম্মদ খান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মহিউদ্দিন, মাওলানা ইসরাইল হোসেন, মাওলানা হাফিজুর রহমান, নায়েবে আমীর বিল্লাল হোসেন, সাখাওয়াত হোসেন, উপজেলা সেক্রেটারি মাফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, শ্রমিক কল্যাণের সভাপতি কামাল হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।