ক্রীড়া ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে সংযুক্ত আরব আমিরাত। এর আগে দলটিতে বড় ধাক্কা এসেছে। শৃঙ্খলাজনিত কারণে দলের ব্যাটার মোহাম্মদ জোহাইবকে দেশে ফেরত পাঠিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সোমবার এক বিবৃতিতে বোর্ড জানায়, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। চেন্নাইয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে আমিরাত। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৩ রান করেছে মধ্যপ্রাচ্যের দলটি। ২০২২ সালের পর এটিই তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের এক শীর্ষ সারির ব্যাটারের বাদ পড়া আমিরাত দলে বাড়তি চাপ তৈরি করেছে। বিশেষ করে সম্প্রতি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইতালির বিপক্ষে মাত্র ৮১ রানে অলআউট হয়েছিল দলটি।
ওই ম্যাচে নয় নম্বরে ব্যাটিং করেছিলেন জোহাইব। এর আগে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিন নম্বরে নেমে ২৬ বলে ১৯ রান করেছিলেন তিনি। গত বছরের মে মাসে আমিরাতের হয়ে অভিষেক হয় মোহাম্মদ জোহাইবের। এখন পর্যন্ত ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি করেছেন ৩০৩ রান। গড় ২০.২০, স্ট্রাইক রেট ১০৩.৭৬।
নিউজিল্যান্ড ম্যাচের আগে দলের প্রস্তুতি ও ঐক্য নিয়ে কথা বলেছেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৩ সালে দুবাইয়ে এক টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল আরব আমিরাত। ওয়াসিম বলেন, ‘আমাদের কৌশল খুবই সহজ। আমরা আগে তাদের হারিয়েছি। তবে এবার ভেন্যু ভিন্ন, টুর্নামেন্ট ভিন্ন, মাঠ ভিন্ন, ম্যাচও ভিন্ন। তাই আমরা নতুন পরিকল্পনা নিয়ে এসেছি।’
দলে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় থাকার বিষয়টি উল্লেখ করে ওয়াসিম বলেন, ‘আমাদের দলে ভারত-পাকিস্তান বলে কিছু নেই। আমরা সবাই সংযুক্ত আরব আমিরাতের জন্য খেলি। আমরা নিজেদের একটি পরিবারের মতোই দেখি। একসঙ্গে থাকি, একসঙ্গে খাই, একসঙ্গে সময় কাটাই। সত্যি বলতে এই দলে ভারতীয়-পাকিস্তানি বিভাজন নেই।’