নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা গেছে, ভালাইপুর বাজারের মেসার্স বিল্লাল স্টোরে খোলা সোডা গুঁড়া মসলার সামগ্রীর পাশে সংরক্ষণ করা হচ্ছিল, যা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক বিল্লাল হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সরকার কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রির দায়ে জিল্লুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স রাজধানী স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে অনিয়ম সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানের সময় ভালাইপুর বাজারের বিভিন্ন ফলের দোকান, ওষুধের দোকান, শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা ওষুধ বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।