নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে জেলাজুড়ে মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ, যানজট নিরসন এবং আসন্ন বিভিন্ন জাতীয় ও স্থানীয় কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আলোচনায় গুরুত্বসহকারে উঠে আসে জেলার মাদক নিয়ন্ত্রণে রাখতে করণীয় বিষয়।
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসের ভেতরে কোনো রকম অসামাজিক আড্ডা ও মাদকের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালককে নির্দেশ দেন। এছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়।
সভায় এক পর্যায়ে উপস্থিতরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে সুপারিশ পেশ করেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বিভাগকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গায় ইতোমধ্যেই মাদকের আনাগোনা ব্যাপক হারে বেড়েছে। কিছুদিন আগেও আমরা “এস্কাফ” নামক মাদকের একটি বড় চালান জব্দ করেছি। তাই মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই। সামনে নির্বাচন—আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে কোনো রকম গুজব তথ্যে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি। জাল ভোটারদের কোনো ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান সাহেল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকারসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।