নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন কুড়ুলগাছি বদ্দি মোড় সংলগ্ন এলাকায় মালয়েশিয়া প্রবাসী হুমায়ুন হোসেনের কাছ থেকে বিদেশি মুদ্রাসহ নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হুমায়ুন হোসেন কিশোরগঞ্জ জেলার শেওড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। তার কাছ থেকে মালয়েশিয়ার ৫০০ রিঙ্গিত এবং বাংলাদেশি নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের রাজুর সঙ্গে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন হুমায়ুন। পারিবারিক সমস্যা ও অসুস্থতার কথা বলে রাজু তার কাছ থেকে ৫১ হাজার টাকা ধার নেন এবং এক মাসের মধ্যে ফেরত দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করেননি। পাওনা টাকা আনতে রবিবার তিনি রাজুর বাড়িতে গেলে কিছুক্ষণ বসার পর রাজু জানান, তার ভাই রানা টাকা দেবেন। পরে রানা তাকে একটি বাড়ির ভেতরে নিয়ে গিয়ে মারধর করে তার কাছে থাকা মালয়েশিয়ার ৫০০ রিঙ্গিত ও বাংলাদেশি ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়দের সহযোগিতায় মোবাইল ফোনের মাধ্যমে দর্শনা থানা পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযানে নামে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় হুমায়ুন হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। দুই অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ছিনতাইকৃত টাকা উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।