জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১৩৮ বোতল ভারতীয় মদ ও ৭৬ বক্স আতশবাজি উদ্ধার ও অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় মাহফুজুর রহমান মারুফ (১৯) ও সুমন আলী (২২) নামের দু’জন বাংলাদেশীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল সোমবার বেলা ৩টার দিকে ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা রাজাপুর গ্রামের মো. ছেন্টু মিয়ার পান বাগানের মধ্যে হাবিলদার আকরাম হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা গোয়ালপাড়া গ্রামের আম বাগানের মধ্যে নায়েক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৭৬ বক্স আতোষবাজি উদ্ধার করা হয়। এছাড়া রোববার রাত ৯টার দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নতুনপাড়া গ্রাে সাগর আলীর আম বাগানের মধ্যে নায়েব সুবেদার মো. ওবায়েদুল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এবং একই দিন রাত সাড়ে ১১টার দিকে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা পিপুলবাড়িয়া গ্রামের মাঠের রাস্তায় সুবেদার মো. শরাফত আলীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি দুজন নাগরিক রাজশাহী জেলার মো. মাহফুজুর রহমান মারুফ (১৯) ও নাটোর জেলার সুমন আলীকে (২২) আটক করা হয়েছে। অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়। তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।