নিজস্ব প্রতিবেদক:
মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে চুয়াডাঙ্গায় স্বাগত মিছিল করেছে ইসলামী আন্দোলন। গতকাল বিকাল ৫ টায় শহরের বড় বাজার চত্বর থেকে মিছিলটি বের করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আল্লাহ্র সন্তুষ্টি লাভের আশায় এই রমজানের পবিত্রতা সবাই রক্ষা করা উচিত। রমজান মাসে চুয়াডাঙ্গার সব ব্যবসায়ীদের পবিত্রতার সাথে ব্যবসা করার অনুরোধ করছি। সবাই ইনসাফভিত্তিক ব্যবসা করবেন। রমজান মাসে সকল প্রকার গান-বাজনা ও নাচ এবং অবৈধ পন্থায় ব্যবসা বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি। রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য সকলকে অনৈতিক কর্মকান্ড থেকে দূরে থাকার ফজিলত অনেক।
তারা আরও বলেন, রমজানের রোজা একটা ফরজ ইবাদত। প্রত্যেকটা মুসলমানের রোজা রাখা ফরজ। রোজা আসলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্যে সংকট দেখায়। তাই ওসব ব্যবসায়ীদের বলতে চাই- রমজান পবিত্রতা বজায় রেখে ব্যবসা করুন। কোনো সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। বর্তমান সরকারের কাছে দাবি রমজান মাসে বাজার মনিটরিং বাড়িয়ে দিতে হবে। একই সাথে বাজারের সিন্ডিকেট ভাঙতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।
বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী প্রমুখ।