দামুড়হুদা অফিস:
‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, এসো দেশ বদলায় পৃথিবী বদলায়’ এ প্রতিপাদ্যে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কৃষি মেলার উদ্বোধন করেন।
কৃষক ভাইদেরকে যত বেশি সমৃদ্ধ করা যাবে, দেশ তত বেশিই সমৃদ্ধ হবেন উল্লেখ করে চুয়াডাঙ্গা জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান বলেন, কৃষকে এগিয়ে নিতে প্রতিনিয়তই দেশে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে। কৃষি ও কৃষকের উন্নয়নে ইতিমধ্যেই বেশি কিছু প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছ। এতে করে ফসল চাষাবাদ ও উৎপাদনে কৃষকের সময় শ্রম ও খরচ সাশ্রয়ী হয়েছে। তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত কৃষকদের নতুন নতুন সব প্রযুক্তি ব্যবহারে পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছেন। এসময় তিনি ফসল উৎপাদন সীমাবদ্ধর মধ্যে না থেকে নিরাপদ ও পুষ্টি খাদ্য তৈরিতেও কৃষক ভাইদের প্রতি সচেতন হওয়া আহবান জানান।
গতকাল সোমবার দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দামুড়হুদা কার্যালয়ের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলায় উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আশরাফুল আলম। এর আগে বেলা ১১ টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলার স্টলস্থল থেকে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একস্থানে এসে শেষ হয়।
পরে দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহলের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। এসময় তিনি বলেন, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহায়তায় দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত তিনদিন ব্যাপী কৃষি মেলায় ১৪ টি স্টল শোভা পেয়েছেন। মেলাটি ১০-১২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। দামুড়হুদা উপজেলার প্রান্তিক পর্যায়ের সকল কৃষক যাতে কৃষি প্রযুক্তি, ফসলের বিভিন্ন জাত ও পুষ্টি সম্পর্কে ধারণা নিতে পারেন। সে লক্ষ্যই এই মেলার আয়োজন। এই মেলায় বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান এবং কৃষি উদ্যোক্তারা আমাদের এই মেলার সাহায্য করছেন।
উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা আহবায়ক কমিটর যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর অনিক প্রমুখ।
এ সময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আবু তালহা, নাসিম হোসেন, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, সোহরাব হোসেন, জালাল উদ্দীন প্রমুখ।