দর্শনা অফিস:
দীর্ঘদিন পর দর্শনা সরকরী কলেজের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রবিবার সকাল ১০ টার দিকে দর্শনা সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রীড়া ও পিঠা উৎসবের উদ্বোধন করেন, দর্শনা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দর্শনা সরকারী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক লিহাজ উদ্দীন ও আন্তঃক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসবের আহ্বায়ক আশরাফুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসবের সদস্য ব্যস্থাপনা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মতিউর রহমান, বাংলা বিভাগের প্রভাষক মুকুল হোসেন ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মেরাজুল ইসলাম। করোনা ও দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতা সহ নানা রকমের প্রভাবের কারনে স্বতস্ফূর্তভাবে এ ধরনের ক্রীড়া অনুষ্ঠান হয়নি দর্শনা সরকারী কলেজে। তাই দীর্ঘদিন পর আবারও এ ধরনের অনুষ্ঠান হওয়ায় সকলে আনন্দিত। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলার মধ্যে ছিলো ছাত্রদের দুইশত মিটার দৌঁড়, ভলিবল, লোহগোলক নিক্ষেপ, ছাত্রীদের চাকতি নিক্ষেপ, ৫০ মিটার চামচ দৌঁড়, বালতির মধ্যে বল নিক্ষেপসহ ৬টি খেলা। আজ সোমবার সকাল ৯ টায় ছাত্র-ছাত্রীদের মধ্যে পিঠা উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দর্শনা সরকারী কলেজ চত্বরে এ পিঠা উৎসবে ১৬টি স্টল থাকবে বলে জানা গেছে।