নিজস্ব প্রতিবেদক:
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা), সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, স্থানীয় সরকারের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ৫ আগস্ট সকাল ৯টায় ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ শাহরিয়ার শুভর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। একই সময়ে শহীদ মাসুদ রানার কবরেও শ্রদ্ধা জানানো হবে, যেখানে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা)। এরপর জেলা প্রশাসনের আয়োজনে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপসানালয়ে দোয়া প্রার্থনার আয়োজন রাখা হয়েছে।
সভায় জেলা প্রশাসক বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানাতে সচেতনভাবে কর্মসূচি পালন করতে হবে।