আলমডাঙ্গা অফিস:
আড়াইমাস আগে বাবা-মায়ের ওপর অভিমান করে বাড়ি ছাড়েন তোফাজ্জেল হোসেন তোফান (১৪) নামের এক কিশোর। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা নানা স্থানে খোঁজাখুজি শুরু করেন। ছেলে নিখোঁজের ঘটনায় তার বাবা আবু সাঈদ গত জানুয়ারি মাসে আলমডাঙ্গা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেন।
এরই মধ্যে নিখোঁজের একমাস পর গাইবান্ধা থেকে একটি কিশোরের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তোফানের বাবা খবর পেরে, গাইবান্ধায় গিয়ে নিজের ছেলের লাশ শনাক্ত করেন। পরে সেই লাশ গ্রামের বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করা হয়।
এর মধ্যে কেটে গেছে দেড় মাস। দাফনের দেড়মাস পর সেই তোফান সুস্থ শরীরে ঈদ করতে নিজ বাড়িতে ফিরেছেন। গতকাল শুক্রবার তোফানের নিজ বাড়িতে ফেরা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তোফানের বাবা আবু সাঈদ জানান, তারা প্রথমে এই ভেবে সান্তনা খুঁজে নিচ্ছিলেন যে ছেলে মারা গেলেও লাশটাতো অন্তত পেয়েছেন। কিন্তু তারা জানতেন না, ছেলে তোফান বেঁচে রয়েছে। ছেলে ফিরে আসায় তারা আনন্দে আত্মহারা হয়ে পড়েন।
তোফানের মা আনন্দ অশ্রু চোখে বলেন, ছেলের মুখে আবার মা ডাক শুনছি। ছেলেকে পেলাম। আমি কখন ভাবতে পারিনি আমার সোনামানিক আমার বুকে ফিরে আসবে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আমার ছেলেরে আবারো আমার বুকে ফিরিয়ে দিয়েছে।
ফিরে আসা কিশোর তোফানের সাথে কথা হলে তিনি বলেন, বাবা-মায়ের ওপর অভিমান করে আড়াইমাস আগে বাড়ি ছেড়ে আলমডাঙ্গার এক বন্ধুর সাথে রাজধানী ঢাকায় চলে যায়। ঢাকার শ্যামলীতে একটি লোহার দোকানে কাজ করি। সেখানেই থাকতে হত। সামনে ঈদ আসায় ছুটিতে বাড়িতে চলে আসি। তিনি আরও বলেন, আমি যে মারা গেছি সেটি আমিই জানিনা।
এ-বিষয়ে স্থানীয়রা বলছেন, তোফান যদি জীবিত থাকে তাহলে দাফন করা হয়েছে ওই তরুণের পরিচয় কি? এ নিয়ে নানা প্রশ্নও দেখা দিয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, শুক্রবার সকালে বিভিন্ন মাধ্যমে খবর জানতে পেরেছি দাফনের দেড় মাস পর নিখোঁজ কিশোর বাড়িতে ফিরে এসেছে। এ বিষয় গাইবান্ধা থানা পুলিশকে অবগত করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানায় নিখোঁজের বিষয়ে মেসেজ দেয়া হয়েছে।