নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাস টার্মিনালের অদূরে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে বিপুল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী ও ইজিবাইকচালকসহ আরও দুজন যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার পৌর এলাকার ঝিনাইদাহ বাস টার্মিনালের অদূরে মুন্না মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপুল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বুড়োপাড়া গ্রামের আয়তালের ছেলে। আহতরা হলেন, নিহত বিপুলের বড় ভাই বিপ্লব হোসেন। (২১), একই গ্রামের বোরহানের ছেলে ওয়াশিম (২১)। সদর উপজেলার বলেশ্বরপুর গ্রামের কাউসারের ছেলে ইজিবাইকচালক অহিম উদ্দিন (৪২), জাফরপুর গ্রামের সুজনের ছেলে সিহাব (১৯) ও গাড়াবাড়িয়া গ্রামের নজরুলের স্ত্রী রাবিয়া খাতুন (৪৮)। আহতদের মধ্যে বিপ্লব ও ওয়াশিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ইজিবাইকচালকসহ দুজন যাত্রী সদর হাসপাতালে চিকিৎসারত রয়েছেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর বিপুল, তার ভাই বিপ্লব ও একই এলাকার ওয়াশিম এক মোটরসাইকেলযোগে ঈদের কেনাকাটা করতে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে মুন্না মোড় এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বিপুল মারা যায়। আহত হয় মোটরসাইকেলের থাকা দুজনসহ ইজিবাইকচালক ও দুজন যাত্রী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই মারা যান বিপুল। আহত চারজনের অবস্থাও আশংকাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।