নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের কুলপালা এলাকায় তাণ্ডব চালিয়েছে ডাকত দলের সদস্যরা। গত বুধবার দিনগত রাত ৩টার দিকে আলমডাঙ্গা থানা এলাকার গোকুলখালী-কুলপালা সড়কে বেঞ্চ দিয়ে সড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন থামিয়ে চলে ডাকাতি। এসময় দুই ট্রলি চালককে মারধর করে তাদের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা লুট করে নেয় ডাকাত দল। এসময় আটকা পড়ে রয়েল এক্সপ্রেসের একটি নৈশকোচ। তবে এসময় বাসের যাত্রীদের কাছ থেকে মালামাল নিতে পারেনি ডাকাতরা।
জানা গেছে, বাঁশ বিক্রি করে ট্রলিযোগে চুয়াডাঙ্গা হয়ে মেহেরপুরের গাংনীতে ফিরছিলেন দুই ট্রলি চালক। এসময় গোকুলখালী ব্রিজ পার হয়ে কুলপালা এলাকায় প্রবেশ করতে গেলে ডাকাতির কবলে পড়েন তারা। প্রথমে সড়কের ওপর বেঞ্চ দিয়ে তাদেরকে গতিরোধ করার চেষ্টা করে ডাকাত চক্রের সদস্যরা। তারা না থামলে ধারালো অস্ত্রের উল্টোপিঠ দিয়ে হামলা চালিয়ে গতিরোধ করে ডাকাত দল। পরে তাদের একজনের কাছ থেকে ৪২ হাজার ও অপরজনের কাছ থেকে ৫৬ হাজার টাকা লুট করে নেয় ডাকাত সদস্যরা। এসময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি নৈশকোচ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। তবে ওই যাত্রীবাহী বাসে উঠতে পারেনি ডাকাত সদস্যরা। পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশি অভিযান অব্যাহত আছে। অভিযুক্তদের শনাক্ত করে তাদের ধরতে পুলিশের কয়েকটি টিম মাঠে রয়েছে। দ্রুতই ডাকাত সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।