নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহব্ ুউল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
সেমিনারের শুরুতেই মূল প্রবন্ধক উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব সভাপতি অ্যাড. মানিক আকবর, রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি সুরুজ হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাকসুরা জান্নাত, চুয়াডাঙ্গা টিটিসির অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান। সেমিনারটি পরিচালনা করেন জেলা কালেক্টরেটের সহকারী কমিশনার আব্দুর রহমান। পবিত্র কোরআন থেকে পাঠ করেন পীরগঞ্জ জামে মসজিদের ইমাম আব্দুল রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, শ্রমিকদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। বিদেশগামী শ্রমিকরা দেশের বাইরে নির্যাতিত হচ্ছে। আর আমরা দেশে শুধু সভা করি। তাতে কোন কাজ হবে না। বিদেশগামী শ্রমিকদের যত সুপারিশ আসবে, তার মধ্যে একটি সুপারিশ বাস্তবায়ন হলে সেমিনার সফল হবে। সেটা করতে না পারলে সেমিনার সফল হবে না।’
সেমিনারে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ, পরামর্শ, আর্থিক সহযোগীতাসহ নানা বিষয়ে তাদের সহযোগীতা করার আহবান জানানো হয়। দিনব্যাপী সেমিনারে বিভিন্ন দপ্তর, অফিস, বেসরকারি উন্নয়ন সংস্থাসহ স্টেকহোল্ডাররা অংশ নেন।