নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশের ৮২ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ৮২ কর্মকর্তার মধ্যে একজন অতিরিক্ত আইজি ও ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার। অন্যরা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা। এর মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গার সাবেক দুইজন পুলিশ সুপার। তারা হলেন, মাহবুবুর রহমান ও রশীদুল হাসান।
এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও র্যাবের হয়ে দায়িত্ব পালন করা ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার করে নিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়েল জননিরাপত্তা বিভাগ সুত্রে জানা গেছে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালন করার জন্য এসব কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ওএসডি করা হয়েছে। এর আগে ২০ ফেব্রুয়ারি ৩ জন সচিব, ১৮ জন অতিরিক্ত সচিবকেকে বাধ্যতামুলক অবসরে পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যেসব জেলা প্রশাসক (ডিসি) রিটার্নিটিং অফিসার হিসেবে দায়িত্বপালন করেছেন, তাদের মধ্যে যাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে তাদেরকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর যাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়নি, তাদেরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হবে। জনপ্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি এসব নির্বাচনে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সেসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন।