জামায়াতের চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ মিছিল
খবর | ১০:৩৩ পূর্বাহ্ণ, বুধ, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ 162
নিজস্ব প্রতিবেদক:
জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াত। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় শহীদ হাসান চত্বরে জেলা জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান। সংগঠনের সেক্রেটারী আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির জেলা আমীর অ্যাড. রুহুল আমিন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে এই প্রথম জামায়াতে ইসলামী রাজপথে নামতে বাধ্য হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল তারা সকল প্রকার জুলুম নির্যাতন থেকে উদ্ধার পাবে। যারা মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলেন তারা মুক্তি পাবে। শেখ হাসিনার পতনের পর অনেকে মুক্তি পেলেও মুক্তি পাননি জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাস ১০ দিন অতিবাহিত হচ্ছে আজ। দেশের মানুষ আশা করেছিলেন এ সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন কিন্তু তার মক্তি না হওয়ায় দেশবাসী বিস্মিত ও হতবাক হয়েছেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সহকারী সেক্রেটারী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা ইউনিট সদস্য এ্যাড, মুসলিম উদ্দিন ও জেলা শিবির সভাপতি সাগর আহমেদ। সমাবেশের শেষে শহীদ হাসান চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বড় বাজার , কবরী রোড, কলেজ রোড হয়ে আবার বড় বাজার শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। এ সময় শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।