আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে গত রবিবার রাতে চুয়াডাঙ্গা পৌর শহরের হাজরাহাটি এলাকা থেকে ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহিদকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরে গতকাল সোমবার রাতে আলুকদিয়ার আকুন্দবাড়িয়া এলাকা থেকে উৎস নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে: ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার থেকে সোমবার রাত পর্যন্ত উপজেলার বাড়াদি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। তারা হলেন, বাড়াদি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান (৪০), ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম (৩৭), জামজামি ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক জামিরুল ইসলাম (৩৫), ছাত্রলীগের সক্রিয় সদস্য ও ওহিদুল ইসলামের ছেলে সাকিব হাসান (২৩), একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও ফজলুল হকের ছেলে মিল্টন আলী রিন্টু (২৬)।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, গ্রেফতার ৫ নেতাকর্মীর বিরুদ্ধে খাদিমপুর ইউনিয়ন বিএনপির পথসভায় হামলার ঘটনায় মামলা রয়েছে। তদন্তে তারা জড়িত থাকার প্রমাণ থাকায় সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। আলমডাঙ্গা থানার প্রথম অভিযানেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
জীবননগর অফিস জানিয়েছে: জীবননগর উপজেলায় ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগের ২ নেতাকর্মীকে আটক হয়েছে। গতকাল সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রোববার গভীর রাতে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন জীবননগর থানা পুলিশ। আটককৃতরা হলেন, আন্দুলবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও নিধীকুন্ডু গ্রামের বাসিন্দা রাশেদ মিয়া (৫০) ও একই ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও মন্ডলপাড়ার বাসিন্দা আবু সামা (৫০)। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, জীবননগরে ডেভিল হান্টের অভিযান শুরু হয়েছে। রোববার রাতর উপজেলায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। তাদের দুপুর আদালতে সোপর্দ করা হয়েছে