দামুড়হুদা অফিস:
দামুড়হুদার হাউলী ইউনিয়ন পরিষদে ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় রাজস্ব তহবিলের অর্থায়ানে গৃহীত প্রকল্পের বিপরীতে কৃষকের মধ্যে কৃষি সামগ্রী স্প্রে মেশিন ও দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ উল্লেখিত অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতবিনিময় সভা অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং ও দুর্নীতি প্রতিরোধে শিক্ষিত যুবসমাজকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, এসব সমস্যা আজকে আমাদের প্রিয় বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। ফলে আমাদেরকে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষিত তরুন-যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ সোনার বাংলায় রুপ নেবে।
এ সময় তিনি আরও বলেন, সমাজ থেকে এসব অপরাধমূলক কর্মকাণ্ডরোধ করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজের জীবন ও পরিবারকে ভালোবাসতে হবে। পাশাপাশি পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান সহ সমাজের প্রতিটি স্তরে জনসচেতনতা তৈরি করতেও উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন জেলার এই শীর্ষ কর্মকর্তা।
উপজেলার হাউলি ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মির্জা শহিদুল ইসলাম, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার ছিদ্দিকী, হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল্লাহ, হাউলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান সহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ, মসজিদের ইমাম, সাংবাদিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য মোমিনুল ইসলাম মোমিন।