দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” স্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ টেকসই প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী এ মেলার সমাপনীতে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল। এসময় তিনি বলেন, তিনদিন ব্যাপী এ মেলায় উদ্বোধনী অনুষ্ঠানের দিন মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে নতুনত্ব কিছু কৃষি প্রযুক্তির প্রদর্শন আমাকে মুগ্ধ করেছে। যার মধ্যে অন্যতম বিভিন্ন শাকসবজির কোকোপিট নামক টেরেতে চারা উৎপাদন করা হচ্ছে। যেটা ছিল বেশ নান্দনিক এবং কৃষকের জন্য বেশ সাশ্রয়ী। এভাবেই আমাদের প্রত্যেকটি কৃষককে চারা উৎপাদনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, কারণ বীজ থেকে চারা হয়। বীজ এবং চারা যদি সুস্থ না হয় সেই ফসল কখনোই ভালো ফলন বয়ে আনতে পারে না। পাশাপাশি আরো একটা প্রযুক্তি দেখেও অনেক ভালো লেগেছেন, তা হচ্ছে শাকসবজি হারভেস্ট করার পরে কৃষকরা বাজারে বিক্রয় না করতে পারলে সেটা সংরক্ষণ করার জন্য প্রাকৃতিকভাবে যে কুলিং সিস্টেম প্রযুক্তি করা হয়েছে এটা একটা উত্তম পন্থা এই পন্থা অবলম্বন করে কৃষকরা অবশ্যই উপকার পাবেন বলে বিশ্বাস কটি। কাজেই কৃষকের কষ্টে অর্জিত শাকসবজি অনায়াসে তরতাজা রেখে সংরক্ষণ করতে পারবেন। তিনি আরও বলেন, আমাদের সকলকে প্রান্তিক পর্যায়েই প্রযুক্তি নির্ভর কৃষি উৎপাদন বাড়াতে হবে, তাহলেই আমাদের কৃষক ভাইয়েরা অনেক স্বাবলম্বী হবে।কৃষক ভাইয়েরা যত বেশি স্বাবলম্বী হবে, আমাদের দেশের অর্থনীতির চাকাও ততটাই সচল থাকবেন।
দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদ।
অনুষ্ঠানে দামুড়হুদা শিল্পকলা একাডেমীর আয়োজনে সংগীত পরিবেশন সহ কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় উদ্যোক্তা ক্যাটাগরিতে চারজনকে ও উন্নতমানের কৃষি পণ্য সরবরাহকারি প্রতিটি কৃষককে পুরস্কৃত করা হয়।