নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা এলজিইডি’র হিসাব সহকারী সাব্বিরের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলে চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশনে আইনি সহায়তা চেয়ে আবেদন করেছেন দুই নারী। অভিযুক্ত সাব্বুর আহমেদ (৩০) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দশমী গ্রামের এনায়েত আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাব্বির আহমেদ প্রায় ২ মাস আগে শ্বশুরকূলে নিকট আত্মীয়কে ধর্ষণ করে। বিষয়টি মানসম্মানের ভয়ে সে সময় মুখ খুলেনি। এবার আরও এক নারীকে নির্যাতনের কারণে বিষয়টি সামনে এসেছে। এসব ঘটনার সিসি ক্যামেরার ভিডিও ও অডিও রেকর্ডিং রয়েছে। থানায় মামলা না নেয়ায় গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশনে আইনি সহায়তা চেয়ে পৃথক দুটি আবেদন করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মানি খন্দকার জানান, যেহেতু থানাতে মামলা নেয়নি। সেই কারণে আদালতে মামলা দায়েরসহ তাদের যাবতীয় আইনি সহায়তা দেয়া হবে। আজ বৃহস্পতিবার আদালতে সাব্বিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এ মামলার সার্বিক সহযোগিতা করবে মানবতা ফাউন্ডেশন।
তিনি আরও জানান, সাব্বিরের বিরুদ্ধে শুধু এ দুটি অভিযোগ নয়, এর আগে আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়ার আরও এক নারীকেও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে। ওই নারী মানবতা ফাউন্ডেশনের মানবাধিকার রক্ষা সেলে অভিযোগ দিয়েছেন।