মায়ের মৃত্যুর ১০ মিনিট পর ছেলের মৃত্যু
খবর | ১১:৪২ পূর্বাহ্ণ, রবি, ২৪ আগস্ট ২০২৫ 229
নিজস্ব প্রতিবেদক:
অসুস্থ মাকে হাসপাতালে দেখতে এসেছিল ছেলে। এসে শুনলেন মারা গেছেন মা চায়না খাতুন। মায়ের মৃত্যুর খবর শুনে ১০ মিনিটের ব্যবধানে হাসপাতালেই স্ট্রোকে মারা যান ছেলে সাইফুল ইসলামও। শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মা ও ছেলের হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত চায়না খাতুন (৬৩) চুয়াডাঙ্গা পৌর শহরের বাগানপাড়ার মৃত আলাউদ্দীনের স্ত্রী ও তার ছোট ছেলে সাইফুল ইসলাম (৪০)।
পরিবারের স্বজনরা জানিয়েছেন, শনিবার বিকালে হঠাৎ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন চায়না খাতুন। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতলে। সেখানে চায়না খাতুনের প্রাথমিক চিকিৎসা শুরু হলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালে এসে মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালেই স্ট্রোক করে তার ছেলে সাইফুল। তিনিও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুহুর্তের মধ্যে হাসপাতাল এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।
পরে তাদের দুজনের মরদেহ নেয়া হয় বাগানপাড়ার নিজ বাড়িতে। সেখানেও স্থানীয় লোকজন ও স্বজনদের শোকার্ত পরিবেশে ভারী হয়ে ওঠে এলাকার বাতাস।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ইসরাত জেরিন জেসিকা বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত মায়ের চিকিৎসা চলছিল হাসপাতালে। পরে মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলে সাইফুল মারা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে। ১০ মিনিটের ব্যবধানে দুই জনের মৃত্যু হয়।