জীবননগর অফিসঃ
চুয়াডাঙ্গার জীবননগের ভৈরব নদে গোসল করতে নেমে প্রথম শ্রেনী পড়ুয়া দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ আগষ্ট) দুপুর ১টার দিকে উপজেলার বাঁকা ইউনিয়নের মুক্তারপুর গ্রামে এই ঘটনা ঘটে। নদে ডুবে মারা যাওয়া দুই শিশুরা হলেন, মুক্তারপুর গ্রামের ঈদগাহ পাড়ার জুয়েল হোসেনে ছেলে জুনায়েদ (৭) ও একই গ্রামের মো. সজীব হোসেনের ছেলে রিমন (৭)।
স্থানীয়রা জানান, স্কুল ছুটি শেষে বাড়িতে ফেরার পরে তিন বন্ধু রিমন হোসেন, জুনায়েদ হোসেন ও রাব্বি হোসেন বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। তারা নদীতে নেমে জাগ দেওয়া পাটের ওপর খেলতে শুরু করে। সে সময় পা পিছলে রিমন পানিতে পড়ে যায়। জুনায়েদ তাকে উদ্ধার করতে গেলে দুজনেই পানির নিচে তলিয়ে যায়। দুই বন্ধুর পানিতে ডুবে যাওয়া দেখে রাব্বি দ্রুত তাদের বাড়িতে গিয়ে অভিভাবকদের খবর দেয়। খবর পেয়ে স্থানীয় ও স্বজনেরা এসে পানি থেকে শিশু দুটির লাশ উদ্ধার করেন।
এবিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, দু’জনের বাড়ি পাশাপাশি। তারা স্কুল থেকে ফিরে গোসল করতে নেমেছিল। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায়। তবে আমাদের ফোর্স যাওয়ার আগেই এলাকাবাসী লাশ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে রাখে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।