জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে বদর আলী (৩৮) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (০১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর মিনি ক্যাম্প মাঠে শূন্য রেখা থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। বদর আলী বেনীপুর গ্রামের স্কুলপাড়ার করিম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সীমান্ত থেকে বাড়ি ফেরেন বদর আলী । রাতে খাওয়া-দাওয়া শেষে আবার বের হন তিনি। বুধবার সকাল ৭টার দিকে ভারত থেকে কয়েকজনকে সাথে নিয়ে ফিরছিলেন বদর আলী। ওই সময়ে তারকাঁটা অতিক্রম করার সময় বদর আলীকে এক বিএসএফ ধরে লাঠি দিয়ে আঘাত করে। পরবর্তীতে তিনি তাকে পাল্টা আঘাত করে পালিয়ে আসার চেষ্টা করে। এসময় পেছন থেকে আরও কয়েকজন বিএসএফ তাকে ধরে ফেলে। পরে তাকে মারধর করতে করতে ক্যাম্পে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা রিফাত জানায়, সকাল ৭টার দিকে বদরকে বিএসএফ ধরে নিয়ে গেছে। তিনি দূর থেকে দেখেছেন।
বদর আলীর স্ত্রী জোসনা খাতুন বলেন, সকালে একজন আমাকে খবর দেয় আমার স্বামীকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এখনো জানি না তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরে বিজিবি ক্যাম্প কমান্ডারের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে, কী কারণে বিএসএফ বদরকে ধরে নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ভারতের সীমান্তের তারকাঁটা কাটার সময় ভারতীয় নোনাগঞ্জ ক্যাম্পের সদস্যরা বেলা ১১টার দিকে একজনকে ধরে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে যোগাযোগ চলছে।