নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মনজুর হোসেন (৬২) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে শহরতলীর দৌলতদিয়াড়ে বিএডিসি গোডাউনের সামনে পিছন দিকে থেকে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন মনজুর হোসেন। আহত মনজুর হোসেনকে প্রথমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়িতে করে সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎিসার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঘোড়ামারা ব্রিজের কাছে তার মৃত্যু হয়। অ্যাডভোকেট মনজুর হোসেন সদর উপজেলার দৌলদিয়াড়ের মার্কাজ মসজিদপাড়ার মাহাতাব উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অ্যাড. মনজুর হোসেনে গতকাল সকালে প্রাতভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এসময় দৌলতদিয়াড়ে বিএডিসি গোডাউনের সামনে পৌঁছালে পিছন দিকে থেকে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন তিনি। পরে তাকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়। অ্যাড. মনজুর হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঘোড়ামাড়া ব্রীজের কাছে তার মৃত্যু হয়।
গতকালই বাদ মাগরিব দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড মসজিদ প্রাঙ্গণে মনজুর হোসেনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযার নামাজ শেষে দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
এদিকে অ্যাড. মনজুর হোসেনের মৃত্যুতে তার পরিবারের স্বজন ও আইনজীবী সমিতির সদস্যেদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মনজুর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মনজুর হোসেনের মৃত্যুর খবর পেয়ে তার সহকর্মী ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস তার বাড়িতে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া, আগামীকাল রোববার বেলা ১১ টায় মরহুম মনজুর হোসেনের স্মরণে কোর্ট রেফারেন্স জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে অনুুষ্ঠিত হবে। কোর্ট রেফারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির হলরুমে শোকসভা অনুষ্ঠিত হবে।