দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকাল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১ হাজার ৫৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ওই কৃষি উপকরণ বিতরণ করা হয়। ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ ও ২০২৩-২০২৪ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী জাত), রোপা আমন ধানের হাইব্রিড ও রোপা আমন (উফশী) ধান উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যুগান্তকারী পদক্ষেপের জন্যই আজকে দেশে কৃষি বিপ্লব ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে আজকে সারাদেশে লক্ষ লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিণামূল্যে বীজ-সারসহ বিভিন্ন কৃষি উপকরণ সামগ্রী কৃষি প্রণোদনা দিচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশ আজকে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরও বলেন, সরকারের দেয়া বিনামূল্যে বীজ ও সারের যথাযথ ব্যবহারের মাধ্যমে আগামীতে উপজেলার সকল কৃষি জমিকে চাষযোগ্য করে চাষাবাদের আওতায় আনতে হবে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তেলওয়াত করেন উপসহকারী কৃষি অফিসার সোহরাব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ: করিম বিশ্বাস, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, আওয়ামীলীগ নেতা সেলিম উদ্দিন বগা, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকুসহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দামুড়হুদা কার্যালয় সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলায় ১৫৪০ জন কৃষকের মাঝে বিণামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৩০০ জনকে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি এমওপি সার, ২০ কেজি ডিএপি সার, পলিথিন, রসি, ছত্রাকনাশক এবং ২৮০০ করে টাকা প্রদান করা হচ্ছে। রোপা আমনের জন্য ১১০০ জন কৃষক কে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হচ্ছে। রোপা আমন হাইব্রিডের জন্য ১৪০ জন কৃষক কে ২ কেজি করে ধান বীজ প্রদান করা হয়েছে।