খাদিমপুর প্রতিবেদক:
আলমডাঙ্গার খাদিমপুরে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান জাহাঙ্গীর (৩৮) নামের এক ইমাম নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার খাদিমপুর গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সম্রাট নামে আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
নিহত জাহাঙ্গীর আলম আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে খাদিমপুর গ্রাম থেকে এক ব্যক্তি ট্রাক্টর যোগে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। ওই ট্রাক্টর থেকে মাটি পড়ে রাস্তায় যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। শনিবার দুপুরে হালকা গুড়িগুড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। জাহাঙ্গীর আলম তার নিজ মোটরসাইকেল নিয়ে পাঁচকমলাপুর বাজারে যাচ্ছিলেন। এসময় তার মোটরসাইকেল কাঁদায় স্লিপ কেটে সামনে আসা মোটরসাইকেলে মাথায় আঘাত পান। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয় ইউপি সদস্য আশাবুল ইসলাম জানান, শনিবার আসরের নামাজ আদায় শেষে শুনতে পারি জাহাঙ্গীর আলম মারা গেছেন। তিনিও অভিযোগ করে বলেন, প্রতিদিন ৮/১০ টি ট্রাক্টর যোগে মাটি পরিবহনের কারণে মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।