আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় চেক জালিয়াতি মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী নগরবোয়ালিয়া গ্রামের কাতার প্রবাসী খোশদেল আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে খোশদেলকে গ্রেফতার করে।
জানা গেছে, উপজেলার নগরবোয়ালিয়া গ্রামের মনজের আলীর ছেলে খোশদেল আলী দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রবাস জীবন-যাপন করছিলেন। ভাল কাজ আর মোটা অংকের বেতনের লোভ দেখিয়ে একই ইউনিয়নের ভোগাইলবগাদী গ্রামের ইউনুস আলীর ছেলে আক্তারুলকে কাতারে নিয়ে যান খোশদেল। সেখানে যাওয়ার পর আক্তারুল জানতে পারেন তাকে যে ভিসা দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি। তার সাথে প্রতারনা করা হয়েছে। আক্তারুল কোন উপায় না পেয়ে বাড়ি চলে আসেন। বাড়িতে আসার পর খোশদেলকে বিষয়টি জানালে তাকে একটি চেক দেওয়া হয়। ওই চেকে খোশদেলের একাউন্টে কোন টাকা না পেয়ে আক্তারুল আদালতে ২০১৩সালে চেক ডিজ অনার মামলা করেন। কয়েক বছর বিচারাধীন থাকার পর আদালত চেক ডিজঅনার মামলার রায়ে খোশদেলকে ২ বছরের সশ্রম কারাদন্ড দেন। দীর্ঘদিন কাতারে থাকার কারণে তাকে পুলিশ গ্রেফতার করতে পারছিল না। গত কয়েকদিন আগে খোশদেল বাড়িতে আসেন। রবিবার রাতে হাটবোয়ালিয়া ক্যাম্পের এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।