আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে শাহিন আলী (৩০) নামের এক মাদক কারবারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে পৌর এলাকার গোবিন্দপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দপুর গ্রামের হাসর আলীর ছেলে শাহিন আলী। জানা গেছে, আলমডাঙ্গার পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের শাহিন আলী বেশকিছুদিন ধনে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক নাজমুল হোসেন খান ও উপ পরিদর্শক সাহারা ইয়াসমিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শাহিনকে আটকের পর তার কাছ থেকে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বসু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহিনকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক নাজমুল ইসলাম খান বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।