নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অদূরে ডিজিটাল মোড় এলাকায় এক কিশোরীকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে আরিফুল ইসলাম শিশিরকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় ওই কিশোরীর বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে সদর থানা পুলিশ। গ্রেফতার আরিফুল ইসলাম শিশির (৪২) চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিল পাড়ার নজরুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে ওই কিশোরী নুডলস কেনার জন্য বাসা থেকে বের হয়। এসময় সে ডিজিটাল মোড়ের বন্ধন ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে রাস্তার ওপরেই তাকে জাপটে ধরে আরিফুল ইসলাম শিশির। এসময় কিশোরীর স্পর্শকাতর স্থানে হাত গিয়ে যৌন পীড়ন ঘটায়। পরে ওই বন্ধন ডায়াগনস্টিক সেন্টারের একটি ফাঁকা কক্ষের দিকে নেওয়ার চেষ্টা করে। এ সময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাকে ছেড়ে দেন শিশির।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় ওই কিশোরীর বাবা আরিফুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় একটি মামলা করেন। এরপর আসামিকে মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
কোর্ট পরিদর্শক নাসির উদ্দিন মৃধা জানান, আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পর তাকে জেলা কারাগারে নেয়া হয়।