সরোজগঞ্জ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের ভুলটিয়া-খাড়াগোদা সড়কে গাছ ফেলে গতিরোধ করে রোগীবাহী একটি পাখিভ্যানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে মজনু নামের এক ভ্যানচালককে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। মজনুর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভুলটিয়া-খাড়াগোদা সড়কের ছন্নতলা মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
ভুক্তভোগীরা জানান, সদরের ভুলটিয়া গ্রামের মিজান শাহ’র স্ত্রী জোসনা খাতুন গত রবিবার রাতে গ্যাস্ট্রিকজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাত ১২টার দিকে মিজান শাহ’র চাচাতো ভাই মজনুর পাখিভ্যানযোগে মেয়ে শাহিনুর খাতুন ও অসুস্থ স্ত্রীকে নিয়ে খাড়াগোদা বাজারে পল্লী চিকিৎসক সুন্দর আলীর নিকট যাচ্ছিলেন।
ভুক্তভোগী মিজান শাহ বলেন, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ভুলটিয়া-খাড়াগোদা সড়কের ছন্নতলা মাঠ নামকস্থানে পৌঁছালে সড়কের ওপর গাছ পড়ে থাকতে দেখতে পাই। এ সময় চাচাতো ভাই ভ্যানচালক মজনু ভ্যানের গতি কমিয়ে দিলে দুজন মুখোশধারী ব্যক্তি ধারালো অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে ফেলে। এ সময় আমার মেয়ে ভ্যান থেকে দৌঁড়ে পালিয়ে গ্রামের মধ্যে চলে যায়।
মিজান শাহ আরও বলেন, আমার পকেটে থাকা নগদ ২ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেন। আমার স্ত্রীর কানে থাকা সিটিগোল্ডের গহনা নিয়ে নেয়। এ সময় আমি তাদেরকে বলি আমাদের নিকট যা কিছু আছে নিয়ে যান, তবুও আমাদেরকে মারধর না করার অনুরোধ করি। এতে তারা উত্তেজিত হয়ে আমার চাচাতো ভাই মজনুর ঘাড় ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। আমাকেও মারধর করে তারা। একপর্যায়ে আমার চাচাতো ভাইকে কোপানো দেখে আমি নিজেকে কন্ট্রোল রাখতে না পেরে ছিনতাইকারীর একজনকে কিল-ঘুষি মারলে তারা পালিয়ে যান। তবে আমার মেয়ে ও স্ত্রীর গায়ে হাত দেয়নি তারা। পরে আমাদের চিৎকারে গ্রামবাসী ঘটনাস্থলে আসেন। খাড়াগোদা বাজারে তিতুদহ ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনার বিস্তারিত শোনেন।
ঘটনার পর আহত অবস্থায় ভ্যান চালিয়ে মজনু খাড়াগোদা বাজারে পৌঁছান। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য মজনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে দর্শনার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, রোগীবাহী একটি ভ্যানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জেনেছি। ধারালো অস্ত্রের আঘাতে ভ্যানচালক আহত হয়েছেন। তাদের নিকট থেকে নগদ ২ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নিয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। অপরাধীদের ধরতে পুলিশি অভিযান চলছে।
অপরদিকে, ঘটনার পর গতকাল সকালে স্থানীয় তিতুদহ ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশপাশে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধারালো হাঁসুয়া উদ্ধার করে। তিতুদহ ক্যাম্প ইনচার্জ শফিউল আলম বলেন, এ ঘটনায় আসামী ধরতে আমাদের তিতুদহ ক্যাম্প পুলিশ ও সদর উপজেলার সিন্দুরিয়া ক্যাম্প পুলিশ যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া গতকাল সোমবার সকালেই চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা), সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ঘটনাস্থল পরিদর্শন করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহত মজনু শাহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার পরিবার।