দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় বিপন্ন প্রজাতির একটি মেছোবিড়াল হত্যা করায় তিনজনের নাম উল্লেখ করে দামুড়হুদা উপজেলা বনবিভাগ দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানায় এই মামলা দায়ের করা হয়। পরে পুলিশ ওই মেছোবিড়াল হত্যাকারী আলমগীরকে (৩০) গ্রেফতার করেছে। আটককৃত আলমগীর উপজেলার ধান্যঘরা গ্রামের বটতলা পাড়ার মৃত. সহিদুল ইসলামের ছেলে। এই ঘটনায় অপর দুই আসামি একই গ্রামের হারুনের ছেলে মিন্টু ও ইমান আলির ছেলে সাইফুল ইসলাম পালাতক রয়েছে। এর আগে গত শুক্রবার (২১ মার্চ) দুপুরে এই মেছো বিড়াল হত্যার ঘটনা ঘটে।
কুড়ালগাছি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন জানিয়েছেন, ধান্যঘরা গ্রামে আলমগীর ফকিরের বাড়ির সঙ্গে একটি ধানক্ষেত রয়েছেন। কয়েক দিন আগে সে বাড়ির পাশে একটি মেছোবিড়াল দেখতে পায়। মেছোবিড়ালটি আলমগীরের হাঁস খেয়ে ফেলতে পারে সেই আশঙ্কায় সে প্রাণী টি মারার জন্য প্রায় সময় টেঁটা নিয়ে পাহারা দিতো। শুক্রবার দুপুরে টেঁটা নিয়ে ধানক্ষেতে মেছো বিড়ালটি দেখতে পেয়ে টেঁটা বিদ্ধ করে টেনে হিঁচড়ে রাস্তার উপর নিয়ে আসে। দীর্ঘ সময় টেঁটা বৃদ্ধ থাকায় অতিরিক্ত রক্তক্ষরনে মেছো বিড়ালটির মৃত্যু হয়।
এ ঘটনার খবর পেয়ে গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান ঘটনা পরিদর্শন করেন।
এসময় সহকারি কমিশনার (ভূমি) বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে বন্যপ্রাণী হত্যা অপরাধ। এরপর বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র ঘটনা পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বনবিভাগ কর্মকর্তকে মামলা দেওয়ার পরামর্শ দেন।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার স্যার ঘটনাস্থলে পৌছে মেছো বিড়ালটি হত্যা কারিদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ মামলা দেওয়ার পরামর্শ দিয়েছেন। বনবিভাগের পক্ষ থেকে এবিষয়ে দর্শনা থানায় মামলা দেওয়া হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, বন্যপ্রাণি হত্যা ঘটনায় তিন জনের নাম উল্লেখ কর মামলা দায়ের হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।