জীবননগর অফিস:
জীবননগরে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর জীবননগর জামায়াতে ইসলামীর, উপজেলা ইসলামী আন্দোলন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামি ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলে পৌর শহরের ও পাশের বিভিন্ন গ্রামের শতশত মুসুল্লি বিশাল মিছিল নিয়ে জীবননগর বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তমঞ্চ একত্রিত হয়ে একটি বিক্ষোভ সমাবেশ করেন। তারপর সেখান থেকে বিশার এক বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদর্শিন শেষে একই স্থান এসে মোনাজাতে মাধ্যমে মিছিলটি সমাপ্ত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অন্যায়ের প্রতিবাদ না করলে সে মুসলমান না। যদি বিএনপির কেউ প্রতিবাদ না করে তাহলে তারা মুসলিম না, যদি জামায়াতে ইসলামীর কেউ প্রতিবাদ না করে তাহলে তারা মুসলিম না, যদি ইসলামী আন্দোলনের কেউ প্রতিবাদ না করে তাহলে তারাও মুসলিম না।
বক্তারা আরও বলেন, ইহুদিরা ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের ফরজ। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আমাদের প্রশিক্ষণ দিয়ে ফিলিস্তিনে পাঠানো হোক। আমরা আমাদের ভাইদের পক্ষে যুদ্ধ করতে চাই। আমরা সবাইকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি। আপনারা কেউ ইসরায়েলি পণ্য বিক্রি করবেন না কেউ ব্যবহার করবেন না।
মিছিলের আগে মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জীবননগর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি সাজেদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের তারবিয়া সেক্রেটারি জিয়াউল হক, জীবননগর উপজেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি আব্দুল ওদুদ, হাসাদাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আক্তারুজ্জামান, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মামুন বিল্লাহ, জীবননগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবু বকর সিদ্দিক, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, জীবননগর আশতলাপাড়া জামে মসজিদের ইমাম। সমাবেশ ও মিছিল পরিচালনা করেন, জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফ হোসেন।