জীবননগর অফিস:
জীবননগরে বিষ প্রয়োগে ২টি গরু হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার গোয়ালপাড়া গ্রামের গোলাম রহমানের খামারে এ ঘটনা ঘটে। এক সাথে দুটি গরু মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী খামারি উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় গোলাম রহমান জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে গোলাম রহমান তার খামারে ৭টি এঁড়ে গরুকে খাবার খাইয়ে দিয়ে আসেন।পরদিন শুক্রবার সকালে তিনি খামারের দরজা খুলে দেখতে পান দুটি গরু মরা পড়ে আছে ৫টি গরু ঝিমাচ্ছে । তিনি সাথে সাথে পশু ডাক্তার মিঠুকে খবর দেন। ডাক্তার এসে পরীক্ষা-নিরীক্ষার পর জানান, গরু গুলোকে বিষ খাওয়ানো হয়েছে। ডাক্তার অন্যান্য গরু গুলোকে প্রতিশোধক দেন। বাকি গরুগুলোর চিকিৎসা চলছে।
স্থানীয়রা আরও জানান, গোলাম রহমানের সাথে প্রতিবেশী রেজাউল, সেলিম ও রাকির জমি জায়গা নিয়ে বিরোধ চলছে। সেই শত্রুতার জেদ ধরেই তারা এই ঘটনা ঘটাতে পারে বলে অভিযোগ করেন।
গোলাম রহমান জানান, জমি জায়গার সমস্যাকে কেন্দ্র করে প্রতিবেশী রেজাউল ও সেলিমের বিরোধ চলছে। তারই প্রতিশোধ নিতে তারা তার বিশাল অংকের আর্থিক ক্ষতিসাধন করেছে। পূর্ব থেকে রেজাউল ও সেলিম এর সাথে তার বিরোধ চলে আসছে বলে তিনি জানান। এ ঘটনার তিনি ন্যায় বিচার চান। এর আগেও গোলাম রহমানের ১২ কাটা গমের ক্ষেত পুড়িয়ে নষ্ট করে দেয়া হয় বলে তিনি জানান।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।