জীবননগর অফিস:
দুই বাংলাদেশিকে ফেরত নিতে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জীবননগর উপজেলা বেনীপুর সীমান্তে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পিতবার বিকেল ৫টা থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত বিএসএফের আহ্বানে বেনীপুর বিওপি এবং প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ পুটিখালি ক্যাম্পের সাথে সীমান্ত পিলার ৬২/৯ এস এর সন্নিকটে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে বেনীপুর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহ এবং বিএসএফের পুটিখালি কোম্পানী কমান্ডার এসি হিমাংশু সরমা নেতৃত্ব বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে বিএসএফের পক্ষ হতে জানানো হয় যে, ১৯ মার্চ রাত ১১টার দিকে দু’জন বাংলাদেশি নাগরিক মাদারিপুরের নিরোধ বৈদ্যের ছেলে লিটন বৈদ্য (২৭) এবং বরিশাল জেলার মো. খলিলের মেয়ে সানজিদা আক্তার রুমি (২১) অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের প্রচেষ্টাকালে বিএসএফের হাতে আটক হয়। সুসম্পর্কের সূত্র ধরে তাদের ফেরত নেওয়ার জন্য বিএসএফ বিজিবিকে আহ্বান জানায়। বিজিবি কোম্পানি কমান্ডার আটককৃত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র এবং প্রদানকৃত মোবাইল নম্বর যাচাই করে বিকেল ৫টা ৪৫ মিনিটে বিএসএফের নিকট থেকে তাদের গ্রহণ করে। পরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক শেষ হয়। ওই দুজনের মধ্যে সানজিদা আক্তার রুমিকে জাস্টিস অ্যান্ড কেয়ার এবং লিটন বৈদ্যকে মহেশপুর থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।