আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার দুটি ইট ভাটাই জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়নের কাগজপত্র না থাকায় আলমডাঙ্গা উপজেলায় হাইকোর্টের আদেশে প্রায় ১৯ টি ইটভাটা ভাটা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে আলমডাঙ্গার ফরিদপুরে দুটি ভাটাই ইট পোড়ানোর দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আলমডাঙ্গার বেশ কিছু ইট ভাটামালিক হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ইট পুড়িয়ে যাচ্ছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসুর নেতৃত্বে গতকাল উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দুই ইটভাটা মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ভ্রাম্যমাণ আদালত ওই দুই ইটভাটায় গিয়ে চলতি বছরের নবায়নের কাগজপত্র দেখতে চান। কিন্তু এসব ইটভাটার কাগজপত্র নবায়ন করা নেই। সেই সঙ্গে ইট তৈরিতে ব্যবহৃত মাটির কোনো চালান নেই। এমন নানা অনিয়মের দায়ে দুইটি ইটভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।