দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় রেলওয়ে বিভাগের সরকারি জমি থেকে অবৈধভাবে গাছ ও গাছের ডাল কাটা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সরকারি সম্পত্তি গাছ চুরি ও কাটার ঘটনা ঘটেছে। কাটা গাছগুলো দামুড়হুদা উপজেলা বন বিভাগ কর্তৃপক্ষ জব্দ করে নিজ কার্যালয়ে রেখেছেন বলে জানা গেছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের দুধপাতিলা গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আনছার আলি, আনছার আলির ছেলে লোকমান আলি ও জামিরুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ের সরকারি সম্পত্তি বিভিন্ন প্রজাতির এসব গাছ বিনা অনুমতিতে কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, সকাল ১০টার দিকে স্থানীয়রা দুধপাতিলা গ্রামের সরকারী জমির উপরে থাকা মূল্যবান বিভিন্ন প্রজাতির গাছ চুরি করে কাটা হচ্ছে বলে দামুড়হুদা মডেল থানা পুলিশকে অবহিত করেন। এ ঘটনার বিষয়টি থানা পুলিশ বন বিভাগ কর্তৃপক্ষকে অবগত করেন। বন বিভাগ কর্তৃপক্ষ সরজমিন গেলে অভিযোগের সত্যতা পায়। এসময় দেখা যায় ছোট দুধপাতিলা গ্রামের মাঠে সরকারি সম্পত্তি রেলের জমির উপর থেকে একাধিক বৃহত্তর আকারের রেন্টি কড়ুই গাছের ছোট-বড় অসংখ্য ডাল কাটা অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। কাটা ডালগুলি তৎক্ষনাৎ জব্দ করে উপজেলা বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসা হয়। এ ঘটনার পরবর্তীতে যাচাই বাছায়ে নিশ্চিত হওয়া যায়, কাটা গাছগুলি বাংলাদেশ রেলওয়ের সরকারি সম্পত্ত। বিষয়টি রেলওয়ে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ঘটনার বিষয় সম্পর্কে জানানো হয়েছে। তিনি আরও বলেন, যেহেতু এগুলো রেলওয়ের সরকারি সম্পত্তি, ফলে রেলওয়ে কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন। এর আগেও অভিযুক্তরা রেলওয়ের জমির উপরের সরকারি জমির গাছের ডালসহ গাছ কেটেছেন বলে অভিযোগ রয়েছে।