আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার রায়সা গ্রামে পুকুরের পানিতে ডুবে আমির হামজা নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে রাইসা গ্রামে এ মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহত আমির হামজা আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের রাইসা গ্রামের আবু জাফরের ছেলে। সে রায়সা বড় দাড়ি হাফিজিয়া নূরানী মাদ্রাসার ছাত্র।
স্থানীয়রা জানান, আমির হামজা রবিবার দুপুরে মাদ্রাসার পাশের একটি পানি শূন্য কাদাপানির পুকুর থেকে বন্ধুরা মিলে মাছ ধরে। কাদায় মাখামাখি হামজা মাদরাসার পাশের আরেকটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর হামজাকে পুকুর থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রামবাসীরা জানায়, রবিবার বেলা ১১ টার দিকে আমির হামজা তার কয়েক বন্ধুর সাথে পুকুরে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষ করে সে বাড়ি ফিরে গেলেও পরে স্যান্ডেল নিতে সে আবারও পুকুর পাড়ে যায়। সে সময় আমির হামজা পাশের আরেকটি পুকুরে গোসলে নামে। ফজরের নামাজের পর মাদ্রাসার হুজুর সবাইকে দেখলেও আমির হামজাকে না পেয়ে খোঁজ করতে থাকেন। পরে তার স্বজনসহ গ্রামের লোকজন খোঁজ করার এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চুয়াডাঙ্গার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।