দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় ডিম বিক্রেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে সাধারণ জনতা অভিযুক্তকে উত্তমমধ্যম দিয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন। গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
অভিযুক্ত ব্যক্তি পাবনা জেলার ঈশ্বরদী থানার চরকুড়ুলিয়া গ্রামের মল্লিক পাড়ার খালেক মল্লিকের ছেলে জিল্লুর রহমান জিল্লু (৩০)।
মামলা সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুর গ্রামের এক ব্যক্তি মামলায় মামলায় উল্লেখ করেন, আসামী জিল্লুর রহমান জিল্লু বিভিন্ন এলাকায় পাখি ভ্যান যোগে ডিম বিক্রয় করে থাকেন। গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দামুড়হুদা থানাধীন পুরাতন বাস্তপুর গ্রামে বাদির বসত বাড়ীর পশ্চিম পাশে ইটের পালার নিকট রাস্তার উপর ডিম বিক্রয় করার জন্য সে আসে। তখন বাদির ১১ বছরের শিশু কন্যা ডিম কেনার জন্য গেলে আসামী তার যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শিশু মেয়েকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় বিধায় বাদীসহ স্থানীয় লোকজন আসামীকে আটক করেন। পরে বাদী দামুড়হুদা মডেল থানা পুলিশের সহযোগীতায় আসামীসহ থানায় এসে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। আসামিকে চুয়াডাঙ্গা জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সেখান থেকে তাকে জেল হাজতে পাঠানো হয়।