নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে চুয়াডাঙ্গায় দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার দেশের অন্যান্য জেলার মতো চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসের সামনেও এই কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিস ও চারটি উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। কর্মসূচিতে তাঁরা এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনেই রাখার দাবি জানান।
চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী, সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়, আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার সেখ মাসুম বিল্লাহ, দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার নূর উল্লাহসহ নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে এ অবস্থান কর্মসূচি পালন করেন।
এর আগে, ৫ মার্চ বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে একটি স্মারকলিপি প্রদান করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবির বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা না আসায় সারাদেশের মতো চুয়াডাঙ্গায়ও এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, নির্বাচন কমিশন শুরু থেকেই এনআইডি সেবা দিয়ে আসছে। তবে আগের সরকার এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার জন্য আইন সংশোধন করেছিল, যা কার্যকর হয়নি। এখন অন্তর্বর্তীকালীন সরকার এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সেবা একীভূত করে একটি স্বতন্ত্র কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে এনআইডি সেবা নিজেদের অধীনে রাখতে চাইছেন ইসির কর্মকর্তা-কর্মচারীরা।