নিজস্ব প্রতিবেদক:
মাগুরার শিশু আছিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেলা যুবদলের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে পৌঁছায় মিছিলটি। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশ নিয়ে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবদার হোসেন রাজু বলেন, আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবাধিকার বিরোধী অপরাধের বিরুদ্ধে। ধর্ষণ একটি সামাজিক ব্যাধি, যা শুধুমাত্র একটি অপরাধ নয়, বরং আমাদের সমাজের মূল্যবোধের ওপর এক অমানবিক আঘাত। প্রত্যেক নারী, শিশু এবং মানবাধিকারকে রক্ষার জন্য আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে। ধর্ষণের শিকার প্রতিটি ব্যক্তির জন্য আমরা ন্যায়ের দাবি করছি। অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে এবং তাদের জন্য কোন ছাড় নেই। কিন্তু শুধু শাস্তির দাবি নয়, আমাদের উচিত এই অপরাধগুলোর প্রতিকার পাওয়ার জন্য সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করা। এমনকি প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সমাজের প্রতিটি সদস্যকেই তার দায়িত্ব পালন করতে হবে, যাতে ধর্ষণের ঘটনা আর কখনো না ঘটে।
আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর যুবদলের সদস্য ফরহাদ, রাকিবুল ইসলাম, রকি, রিংকন হোসেন, রিয়াজ হোসেন, হৃদয় মিয়া, পারভেজ, বকুল, লতিফ ফতে, মানিক, শরিফুল, রনি ৫নং নম্বর ওয়ার্ড যুবদল নেতা সাঈদ, লাদেন, পারভেজ, ইকবাল, আলামিন, জিহাদ, সজল, প্রজয়, রিপন, স্বাধীন, ষষ্ঠী, পবন, জীবন, আনারুল, রানা মাসুদ, সাদ্দাম ও সুজনসহ অন্যরা।