নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নিপীড়ন, আইনশৃঙ্খলার অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, হঠাৎ করেই দেশে নারীর প্রতি বিদ্বেষ এবং নিপীড়ন-নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। প্রতিদিনই কোথাও না কোথাও ধর্ষনের খবর পাওয়া যাচ্ছে। নতুন বাংলাদেশে এমন ধরনের অপরাধ নতুনভাবে আশঙ্কা বাড়াচ্ছে। সেইসাথে চরমভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিচারহীনতার সুযোগে অপরাধীরা সুযোগ নিচ্ছে। অবিলম্বে সরকার ও প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং ধর্ষনের সর্বোচ্চ শাস্তি দ্রুত বিচারের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি অবনতি হয়েছে। এসবের পরেও উপদেষ্টা সরকারের কাজে আমরা হতাশ। এখান থেকে উত্তোরনের জন্য একটি নির্বাচিত সরকার দরকার। যেখানে ধর্ষণের অভিযুক্ত রয়েছে, সুস্পষ্ট অভিযোগ রয়েছে তবুও বিচারে এত দীর্ঘসূত্রতা আমাদের হতাশ করছে। আমরা ধর্ষকের প্রকাশ্য শাস্তি চাই। ধর্ষকের এমন শাস্তির দাবি জানাচ্ছি যাতে বাংলাদেশে আর কেও ধর্ষণের সাহস না পায়।
এসময় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান ও সাধারন সম্পাদক মোমিন মালিতাসহ অন্যান্য নেতৃবৃন্দ।