ক্রীড়া ডেস্ক:
সাধারণত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবে শেলটেক ক্রিকেট একাডেমি যেন সেই অপেক্ষা করতে চায়নি। তাই তো এক ম্যাচ হাতে রেখেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
পুরো টুর্নামেন্টে উড়তে থাকা শেলটেক আজ খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়নের সুখবর পেয়েছে।
খেলাঘরকে ৪ উইকেটে হারিয়ে ১৪ পয়েন্টে চ্যাম্পিয়ন হয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল। সমান সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ ম্যাচে যদি শেলটেক হারে এবং মোহামেডান জয়ী হয় তাহলে পয়েন্ট সমান হবে। কিন্তু টুর্নামেন্টের নিয়মানুযায়ী মুখোমুখি ম্যাচে শেলটেক জয়ী হওয়ায় চ্যাম্পিয়ন জ্যোতিরাই হবেন।
ইউল্যাবের মাঠে আজ প্রথম ব্যাটিং করে ১১৮ রানে আউট হয় খেলাঘর। প্রতিপক্ষরা অল্পতে আউট হয় দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনার ঘূর্ণিতে। দুজনই সমান ৩ টি করে উইকেট নিয়েছেন। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় শেলটেক।
তবে ১ উইকেটে ৮০ রান করা দলটি হঠাৎই একটা সময় ১৩ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বসে। শেষে অবশ্য ফাহিমা-সুমনা ২৬ রানের জুটি গড়ে ম্যাচ জেতান। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন শারমিন সুলতানা।
অন্যদিকে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বড় জয় পেয়েছে মোহামেডান। বিকেএসপিকে ৭৪ রানে হারিয়েছে সর্বশেষ আসরের চ্যাম্পিয়নরা। শারমিন আক্তার সুপ্তার ৭৪ রানের কল্যাণে আগে ব্যাটিং করে ২২০ রান তোলে মোহামেডান। লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৫ রারেন গুটিয়ে যায় বিকেএসপি। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন ফারজানা ইয়াসমিন।