দামুড়হুদা অফিস:
“অধিকার সমতা ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় দামুড়হুদা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রথমে র্যালি বের হয়। র্যলি শেষে নবাগত দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও সহযোগিতা কামনা করে বলেন, পুরুষ দিবস আছে কি? নেই, কারণ পুরুষরা সমাজে স্বমহিমায় প্রতিষ্ঠিত। যেদিন আমরা নারীরাও সমাজের প্রতিটি স্তরে স্বমহিমায় প্রতিষ্ঠিত হব সেদিন থেকে আমাদের আর নারী দিবস পালন করা লাগবে না। এ ছাড়া তিনি আরো বলেন, আমরা নারীরা মায়ের জাতি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি কাজে আমরা পুরুষের পাশাপাশি ভূমিকা রেখে চলেছি। তারপরও আমাদের সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে নানা রকম বঞ্চনা ও বৈষম্যের শিকার হতে হয়। উদাহরণ স্বরূপ বলেন, গত কয়েকদিন আগে সারা বাংলাদেশে একটি নিউজ আলোড়ন সৃষ্টি করেছে একজন তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, এটা লজ্জাজনক! এটা পুরুষের মানসিক সমস্যা। এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং সবাইকে মানুষ হিসেবে গণ্য করতে হবে। উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হক, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, পাট কর্মকতা রিয়াজুল ইসলাম, দামুড়হুদা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মামুনুর রশিদ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রসূল, চুয়াডাঙ্গা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটির যুগ্ম সম্পাদিকা সানজিদা তাবাসসুমসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।