দর্শনা অফিস:
দর্শনায় পেটে বাছুরসহ গাভি গরু জবাইয়ের ঘটনায় রেল বাজারের ব্যবসায়ীরা গণ সাক্ষর করেছেন। ব্যবসায়ীদের অভিযোগ, পেটে বাছুরসহ গরু জবাই করে মাংস বিক্রি করার শুরুতেই ঘটনা জানাজানি হওয়ায় মাংস নিয়ে পালিয়ে যায় ৫ কসাই। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মাছ ব্যবসায়ী ও কাঁচামাল ব্যাবসায়ীরা গণ সাক্ষর করেন।
গণ সাক্ষরে উল্লেখ করা হয়েছে, ফুলচানের ছেলে রফিক কসাই, জামির শিকদারের ছেলে শামীম কসাই, দিলুর ছেলে মামুন কসাই, সুলতান কসাইয়ের ছেলে সাজু কসাই ও গনি কসাইয়ের ছেলে কালু কসাই পেটে বাছুরসহ গাভি গরু জবাই করে মাংস নিয়ে পালিয়ে যায়। ঘটনার ৩-৪ দিন অতিবাহিত হলেও মাংসগুলো এখনো পর্যন্ত ফেরত দেয়নি। তাহলে এবারও কি পার পেয়ে যাবে রেল বাজারের ৫ মাংস ব্যাবসায়ী? এমনটাই প্রশ্ন উঠছে জনমনে।
এর আগে গত ২ ফেব্রুয়ারি দর্শনা পৌর জবেহ খানায় পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মোমিনুল ইসলামের অনুপস্থিতিতে কৌশলে কশাইরা এই বাছুরসহ গাভী গরু জবাই করে এবং সেই গরু বাজারে তাদের দোকানে বিক্রি করার জন্য প্রস্তুত করে বিক্রি শুরু করে। তার কিছুক্ষণ পরে বিষয়টি জানাজানি হলে কশাই শামীম, কালু, রফিক, মামুন ও সাজু সেই সব মাংস দোকান থেকে নিয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায়। খবর পেয়ে দর্শনা পৌরসভার কর্তৃপক্ষ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত হয়। পরে সেখানে ওই কশাইদের না পেয়ে স্থানীয়দের সামনেই সেই মৃত বাছুরটি জব্দ করে নিয়ে যায়।