নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের হায়দারপুরে ৬-বিজিবি ব্যাটালিয়েনের সদর দপ্তরের সামনে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ১৮টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা। এসময় আটক করা হয়েছে দুই পাচারকারীকে। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা দামুড়হুদার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লা দেবীদ্বার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) একটি বাসের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে- এমন খবর পেয়ে বিজিবির আভিযানিক দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নিয়ে গাড়িটিকে সনাক্ত করে। দুপুর ১ টায় গাড়িটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌঁছালে গাড়িটির গতিরোধ করে তল্লাশী চালানো হয়। এসময় স্বর্ণ চোরাকারবারি সন্দেহে ২ জন ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণেরবার, ২টি মোবাইল এবং নগদ ১০ হাজার ১৯০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণের ও অন্যান্য মালামালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৯৩ লক্ষ ৭৮ হাজার টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান জানান, উদ্ধারকৃত বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে এবং আটক দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।