আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানে একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার পাকিস্তানের পাঞ্জাবের গুজরাট শহরে এই ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা একটি মোটরসাইকেলে করে এসে গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি শহরের মিয়ানা চক ডিঙ্গা শহরে ঘটে। গাড়িতে থাকা ছয়জনকে হত্যা করার পর হামলাকারীরা পালিয়ে যায়। তারা আরো জানিয়েছে, ঘটনাটি ব্যক্তিগত শত্রুতার ফলে ঘটেছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো হাসপাতালে স্থানান্তর করে।
নিহতদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। নিহতরা হলেন জাহিদ নাজিম (৩০), মুবাশ্বির (২৬), জুনাইর (৩০), জাভেদ ইকবাল (৩৩), রুখসার (৩৫) এবং ২৬ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি।
পুলিশ বাহিনীর একটি দল পুরো এলাকা ঘিরে ফেলে ঘটনার পর এবং দোষীদের গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান শুরু করে।
পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ইন্সপেক্টর জেনারেল গুলি চালানোর ঘটনার খবর পেয়েছেন এবং আঞ্চলিক পুলিশ অফিসার (আরপিও) এর কাছ থেকে একটি প্রতিবেদন চেয়েছেন। পাঞ্জাবের আইজি দায়িদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
ব্যক্তিগত শত্রুতা এবং উপজাতীয় সহিংসতার কারণে গুলি চালানোর ঘটনায় হতাহতের ঘটনা পাকিস্তানে অস্বাভাবিক নয়। পাশাপাশি ত্রুটিপূর্ণ বিচারের ফলে এই ধরনের ঘটনায় দোষীরা মুক্তি পেয়েছে। গত জানুয়ারিতেও করাচির ব্যস্ততম রাস্তায় পৌর বিভাগের একজন কর্মচারীকে গুলি করে হত্যা করা হয়েছিল।
সূত্র: জিও নিউজ