দর্শনা অফিস:
দর্শনায় পেটে বাছুরসহ গাভী গরু জবাই করে বাজারে মাংস বিক্রি করছে একদল কসাই সিন্ডিকেট। রমাজানের শুরুতেই এ ধরনের কর্মকাণ্ডে হতবাক সাধারন মানুষ। গতকাল রবিবার সকালে দর্শনা পৌর জবেহ খানায় পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মোমিনুল ইসলামের অনুপস্থিতিতে তার অজান্তেই কৌশলে কসাইরা বাছুরসহ গাভী গরু জবাই করে এবং সেই গরু বাজারে তাদের দোকানে বিক্রি করার জন্য প্রস্তুত করে বিক্রি শুরু করে। তার কিছুক্ষণ পরে বিষয়টি জানাজানি হলে কসাই শামীম, কালু, রফিক, মামুন ও সাজু দোকান বন্ধ করে পালিয়ে যায়। খবর পেয়ে দর্শনা পৌরসভার কর্তৃপক্ষ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত হয়। পরে সেখানে ওই কসাইদের না পেয়ে স্থানীয়দের সামনেই সেই মৃত বাছুরটি জব্দ করে নিয়ে যায়।
বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা বলেন, রমজান মাসে যদি এমন ন্যাক্কারজনক কাজ করে কসাইরা তাহলে অন্য সময় কি করবে? তাই এদের কসাই লাইসেন্স বাতিল করে তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হোক যেন পরবর্তীতে আর কোন কসাই আর এ ধরনের কর্মকাণ্ড না করতে পারে। তবে পৌরসভার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে থানায় কোন মামলা না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, মৃত বাছুরটি জব্দ করে মাটিতে পুতে ফেলা হয়েছে। আর অভিযুক্ত কশাইরা বর্তমানে পালাতক রয়েছে।