নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাস সংস্থার উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগীতায় সংস্থাটির প্রধান কার্যালয়ে গত শনিবার সকাল ১০টায় এ আয়োজন করা হয়।
আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ বলেন, ‘পরিশ্রম করেই সফলতা আসে। পরিশ্রম করতে হবে। দেশের কথা ভাবতে হবে। যে যেভাবে সম্ভব দেশের কাজ করতে হবে। দেশের জন্য কাজ করা অর্থ নিজের এবং নিজের পরিবারের জন্যও কাজ করা। আমাদের সবার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালন করতে হবে।’
তিনি বলেন, ‘প্রত্যেক যেন সঠিক হয়। প্রত্যেক কাজের যেন ভালো ফল আসে। যদি কাজ সঠিক না হয়, তা হলে কারও কোনো লাভ হবে না। আমাদের দেশের কথা ভেবে সফল কাজ করতে হবে।’
সভাপতির বক্তব্যে আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস বলেন, ‘আত্মবিশ্বাস প্রতিষ্ঠাকাল থেকেই এ অঞ্চলের মানুষের পাশে দাড়িয়েছে। এর আগেও বিভিন্ন সময় আমরা এ ধরনের আয়োজন করে থাকি। পিকেএসএফ আমাদেরকে সহযোগীতা করে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যোগ্য ব্যক্তির হাতেই সহযোগগীতা পৌছে দিই।’
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আত্মবিশ্বাসের পরিচালক রফিকুল হাসান জোয়ার্দ্দার। এমআইএস অফিসার জাহাঙ্গীর আলমের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. আক্কাস আলী, সহকারী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) একেএম হাসানুজ্জামান, সহকারী পরিচালক (মাইক্রোক্রেডিট) আবু সাদাত রিমু প্রমুখ।