নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরের পুরাতন গোরস্থন জামে মসজিদের সামনে থেকে একসাথে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার জুম্মার নামাজের সময় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চুরি যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধারের দাবি নিয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের কার্যালয়ে জড়ো হন সাধারন শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে তারা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সাথে দেখা করে এ ঘটনার পুলিশি তৎপরতার দাবি জানান।
জানা গেছে, গত শুক্রবার জুম্মার নামাজে অংশ নিতে শহরের পুরাতন গোরস্থান জামে মসজিদের যান দুই যুবক। নামাজ শেষ করে তারা বাইরে বেরিয়ে দেখেন ইকরামুল হক শাকিলের আরওয়ান-৫ (ভার্সন থ্রি) ও এস এম আমিনুদ্দিনের পালসার এন-১৬০ মডেল দুটি মোটরসাইকেল সেখানে নেই। পরে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় ওই দুটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে।
এ বিষয়ে থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করেন মোটরসাইকেল মালিকরা। তবে পুলিশি তৎপরতা নেই অভিযোগ করে গতকাল রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে যান শিক্ষার্থীরা। সেখানে জড়ো হয়ে স্লোগান দেন তারা। এসময় পুলিশ সুপারের সাথে দেখা করে দ্রুতই মোটরসাইকেল দুটি উদ্ধারের দাবি জানান তারা।
এসময় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাফফাতুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনার দুদিন পেরিয়ে গেলেও পুলিশি কোনো তৎপরতা চোখে পড়ছে না। এমনকি পুলিশ সহযোগীতা করছে না বলেও অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। সবমিলিয়ে চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। জেলার আইশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকতার স্বার্থে পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান জানাই।